মাটন পার্টি খাইয়ে পুলিশকে ঘোল খাওয়ানো সেই ডন খতম! বিহারে এনকাউন্টারে নিকেশ কুখ্যাত প্রিন্স

বিহার পুলিশের জন্য এক বড়সড় সাফল্য। যে অপরাধী গত বছর আট পুলিশ কর্মীকে মাটন পার্টি খাইয়ে বন্দি করে পালিয়ে গিয়েছিল, সেই কুখ্যাত ডাকাত প্রিন্স ওরফে অভিজিৎ কুমারকে এনকাউন্টারে খতম করল বৈশালী পুলিশ ও এসটিএফ (STF)। শুক্রবার সদর থানা এলাকার দিঘির হনুমান নগরে এই রুদ্ধশ্বাস এনকাউন্টারটি ঘটে।
কে এই প্রিন্স? প্রিন্স ছিল বিহারের কুখ্যাত সোনা ডাকাতি চক্রের কিংপিন সুবোধ সিংয়ের সবথেকে ঘনিষ্ঠ সহযোগী এবং শার্পশুটার। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে আসানসোল, উদয়পুর, দেরাদুন এবং হাজিপুর থেকে মোট ১৬৯ কেজি সোনা লুটের ঘটনায় সে সরাসরি জড়িত ছিল। তার বিরুদ্ধে খুন ও ডাকাতির অন্তত ২৮টি মামলা নথিভুক্ত ছিল।
মাটন পার্টির সেই নাটকীয় পলায়ন: ২০১৮ সালে হাজিপুর আদালতে এক পুলিশ কর্মীকে খুন করে প্রথমবার আলোচনায় আসে প্রিন্স। এরপর ২০২৫ সালের ২ সেপ্টেম্বর সে পিএমসিএইচ (PMCH)-এ চিকিৎসার বাহানায় এসে পাহারারত ৮ পুলিশ কর্মীকে মাটন পার্টি দেয়। পুলিশরা খাওয়া-দাওয়ায় ব্যস্ত থাকাকালীন তাদের ঘরের ভেতর তালাবন্ধ করে চম্পট দেয় সে। গত ছয় মাস ধরে হন্যে হয়ে তাকে খুঁজছিল পুলিশ।
যেভাবে চলল গুলি: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হনুমান নগরের একটি বাড়িতে হানা দেয়। পুলিশকে দেখা মাত্রই প্রিন্স গুলি চালাতে শুরু করে। পালটা গুলিতে গুরুতর জখম হয় সে। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার এক সহযোগীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করেছে পুলিশ।