পাকা চোর এই পায়রা! স্যাকরার দোকান থেকে ১ লাখি সোনার চেন নিয়ে চম্পট, বাজারে হুলুস্থুল

রাজস্থানের নাগৌর জেলার ডেগানা শহরের সরাফ বাজারে ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড। সোনার ক্রমবর্ধমান দামের বাজারে চোর-ডাকাতের ভয় তো থাকেই, কিন্তু খোদ ‘পায়রা’ যে গয়না নিয়ে পালাবে, তা স্বপ্নেও ভাবেননি কেউ। প্রায় ১ লক্ষ টাকা মূল্যের একটি সোনার চেন চঞ্চুতে চেপে উড়ে গেল একটি পায়রা। এই ঘটনায় মুহূর্তের মধ্যে বাজারে শোরগোল পড়ে যায়।

ঠিক কী ঘটেছিল? শুক্রবার সকালে বাজারের একটি গয়নার দোকানে কারিগররা গয়না তৈরির কাজ করছিলেন। আচমকাই একটি পায়রা দোকানের ভেতরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কারিগরের সামনে রাখা একটি সোনার চেন ছোঁ মেরে মুখে তুলে নিয়ে উড়ে যায় সেটি। এরপর পাশের একটি বাড়ির ছাদে গিয়ে বসে পড়ে ওই ‘উড়ন্ত চোর’।

রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান: দোকানি ও আশপাশের ব্যবসায়ীরা ঘাবড়ে গেলেও পায়রাটির ওপর নজর রাখা বন্ধ করেননি। শুরু হয় চেন উদ্ধারের মরণপণ চেষ্টা। বেশ কিছুক্ষণ পায়রাটি ছাদে চেনটি নিয়ে বসে থাকার পর হঠাৎ উড়ে যায়, আর তখনই সোনার চেনটি ছাদ থেকে নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে চেনটি অক্ষত অবস্থায় ফিরে পান ব্যবসায়ীরা। এই অদ্ভুত চুরির ঘটনা এখন পুরো শহরে আলোচনার কেন্দ্রে।