রণক্ষেত্র বাসন্তী! তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে দেদার ইটবৃষ্টি, জখম অন্তত ২০

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ফের মাথাচাড়া দিয়ে উঠল শাসকদলের গোষ্ঠী কোন্দল। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি বাজার এলাকা। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই অশান্তি শুক্রবার সকালেও বজায় থাকে। দুই পক্ষের মধ্যে দেদার ইট-পাথর বৃষ্টিতে অন্তত ২০ জন জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তৃণমূলের দুই প্রভাবশালী নেতা আজাদ কয়াল এবং মুর্শিদ শেখের অনুগামীদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আচমকাই আজাদ ও তাঁর অনুগামীরা মুর্শিদের সমর্থকদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে বচসা হাতাহাতি ও পরে ইট-পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়। এমনকি পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষ একে অপরের দিকে ইট ছুড়তে থাকে বলে অভিযোগ। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ঢুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই রেয়াত করা হবে না বলে প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে।