যোগীরাজ্যে ফর্ম-৬’র পাহাড়! ভোটার তালিকায় বড়সড় রদবদল নিয়ে কী সিদ্ধান্ত নিল কমিশন?

উত্তরপ্রদেশে ভোটার তালিকা পরিমার্জন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। বিপুল পরিমাণ আবেদনপত্র জমা পড়ায় এবং প্রক্রিয়ার জটিলতা বাড়ায় যোগীরাজ্যে এসআইআর-এর সময়সীমা ফের এক মাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া স্পষ্ট জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারির পরিবর্তে ভোটাররা এখন আগামী ৬ মার্চ পর্যন্ত তালিকায় নাম তোলা বা সংশোধনের জন্য আবেদন ও আপত্তি জানাতে পারবেন।

কমিশন সূত্রে খবর, রাজ্যে রেকর্ড সংখ্যক ‘ফর্ম-৬’ (নতুন নাম নথিভুক্তিকরণের আবেদন) জমা পড়েছে। এই বিশাল পাহাড়প্রমাণ আবেদন খতিয়ে দেখে নির্ভুল তালিকা প্রকাশ করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। সংশোধিত নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৭ মার্চ পর্যন্ত জমা পড়া আবেদনগুলির শুনানি চলবে। এর আগে চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ৬ মার্চ ঠিক করা হলেও, বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে ১০ এপ্রিল করা হয়েছে।

উত্তরপ্রদেশের এই সময়সীমা বৃদ্ধি বাংলার রাজনৈতিক মহলেও নতুন জল্পনা উসকে দিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও লক্ষ লক্ষ ভোটারের শুনানি বাকি থাকায় প্রশ্ন উঠছে— বাংলার ক্ষেত্রেও কি তবে সময়সীমা বাড়তে চলেছে? যদিও পশ্চিমবঙ্গের সিইও দফতর এখনও এই বিষয়ে কোনো সিলমোহর দেয়নি। তবে উত্তরপ্রদেশের এই সিদ্ধান্ত যে আসন্ন নির্বাচনের আগে একটি বড় প্রশাসনিক পদক্ষেপ, তা বলাই বাহুল্য।