হারারেতে বৈভব-তাণ্ডব! ৮০ বলে ১৭৫, বিশ্বরেকর্ড গড়ে ইংরেজদের ‘খুন’ করলেন ১৫ বছরের সূর্যবংশী

জিম্বাবোয়ের হারারে স্টেডিয়াম আজ সাক্ষী থাকল এক অতিমানবিক ইনিংসের। যুব বিশ্বকাপের মেগা ফাইনালে ইংল্যান্ডের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন ১৫ বছরের ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে একা হাতে ব্রিটিশ বাহিনীকে ব্যাকফুটে ঠেলে দিলেন তিনি। ১৫টি চার এবং ১৫টি বিশাল ছক্কায় সাজানো তাঁর এই ইনিংস দেখে ক্রিকেট বিশ্ব বলছে— আগামীর মহাতারকা তৈরি।
শুরু থেকেই হারারেতে আগুনের ফুলকি ছোটাচ্ছিলেন বৈভব। মাত্র ৫৫ বলে শতরান পূর্ণ করার পর তিনি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। পরের ৫০ রান নিতে খরচ করেন মাত্র ১৬ বল! এই ইনিংসের পথেই তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাইকেল হিলের রেকর্ড। যুব বিশ্বকাপের এক ইনিংসে এতদিন সর্বোচ্চ ১২টি ছক্কা মারার নজির ছিল হিলের, আজ ১৫টি ছক্কা মেরে সেই রেকর্ড নিজের নামে করে নিলেন বিহারের এই কিশোর।
বিরাট কোহলি, শুভমান গিল বা যশস্বী জয়সোয়াল— ভারতীয় ক্রিকেটের বর্তমান মহাতারকাদের উত্থান এই যুব বিশ্বকাপের মঞ্চ থেকেই। আজ বৈভবের ব্যাটিং দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, সিনিয়র দলেও তাঁর সুযোগ পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। উল্লেখ্য, গত আইপিএলেই রাজস্থানের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন তিনি। এমনকি বিহারের হয়ে রঞ্জি ট্রফি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করার নজিরও তাঁর ঝুলিতে রয়েছে।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। অধিনায়কের ব্যাট থেকেও এসেছে একটি ঝকঝকে হাফ-সেঞ্চুরি। ভারতের সামনে এখন হাতছানি ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের। ২০২২ সালে শেষবার ইংল্যান্ডকে হারিয়েই পঞ্চমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আজকের ফর্ম বজায় থাকলে ইতিহাস গড়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।