ইসলামাবাদে রক্তাক্ত শুক্রবার! মসজিদের গেটে আত্মঘাতী বিস্ফোরণ, অন্তত ১৫ জনের মৃত্যু, বাড়ছে লাশের ভিড়

ফের রক্তক্ষয়ী জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। শুক্রবার দুপুরে শহরের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবারগাহ (শিয়া উপাসনালয়) লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বর্তমানে ৮০ ছাড়িয়েছে, যাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রের খবর, জুম্মার নামাজের ঠিক আগে এক আত্মঘাতী হামলাকারী উপাসনালয়টির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে সেখানে মোতায়েন থাকা সতর্ক নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন। হলে ঢুকতে না পেরে প্রবেশপথেই নিজেকে উড়িয়ে দেয় ওই জঙ্গি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সংলগ্ন বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায় এবং গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের সামনে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে একাধিক দেহ।

বিস্ফোরণের পরই ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের তড়িঘড়ি পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (PIMS) এবং পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও বিশেষ বাহিনী। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ইসলামাবাদ আদালতে হামলার রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা ফের সামনে এনে দিল। গতবারের মতো এবারও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক আফগানিস্তানের দিকে আঙুল তুলবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।