আনন্দ মুহূর্তে বিষাদ! বরযাত্রীবোঝাই বাস পড়ল ৬৫০ ফুট গভীর খাদে, ভারত-নেপাল সীমান্তে ভয়াবহ মৃত্যুমিছিল

ভারত-নেপাল সীমান্তের ঝুলাঘাট এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৩ জন বরযাত্রী। উত্তরাখণ্ডের পিথোরগড় সংলগ্ন পশ্চিম নেপালে বৃহস্পতিবার রাতে এই বিপর্যয় ঘটে। প্রশাসন সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৬৫০ ফুট গভীর একটি গিরিখাদে পড়ে যায়। ঘটনায় আরও ৩৪ জন গুরুতর জখম হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিমি পশ্চিমে বাদগাঁও গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। বৈতাডি জেলার ভাবনে গ্রাম থেকে বাজহাংয়ের দিকে ফিরছিল বরযাত্রীবোঝাই বাসটি। নববিবাহিত দম্পতি অন্য একটি গাড়িতে থাকায় তাঁরা প্রাণে বেঁচে গেলেও, তাঁদের আত্মীয়-পরিজনদের বাসটি পাহাড়ি মোড় ঘোরার সময় সোজা খাদে গিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন প্রাণ হারান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার মূল কারণ ছিল বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া। যার ফলে পাহাড়ি চড়াই পথে বাসটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। জখমদের দাদেলধুরা ও ধানগড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক বীরেন্দ্র বুধাকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। উল্লেখ্য, শীতের মরসুমে পাহাড়ি পথে এই ধরণের দুর্ঘটনা ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা