বিধানসভায় চূড়ান্ত কুরুক্ষেত্র! উদয়ন-শুভেন্দুর ‘বাপ তোলা’ আক্রমণ, নজিরবিহীন বিতণ্ডায় লজ্জিত গণতন্ত্র?

বাংলার বিধানসভার ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হলো শুক্রবার। বাজেট অধিবেশনের বিতর্কে সৌজন্যের সমস্ত সীমা ছাড়িয়ে একে অপরের পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর আক্রমণে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয় এবং বিতর্কিত মন্তব্যগুলি সভার কার্যবিবরণী (রেকর্ড) থেকে বাদ দেওয়ার নির্দেশ দিতে হয়।

ঘটনার সূত্রপাত বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর ভাষণকে কেন্দ্র করে। তিনি ওড়িশা সরকারের উন্নয়নের প্রশংসা করলে শাসকপক্ষ পালটা আক্রমণ শুরু করে। বাগযুদ্ধে জড়িয়ে পড়েন উদয়ন ও শুভেন্দু। অভিযোগ, শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ করেন। পাল্টা জবাবে উদয়ন নিজের বাবা প্রয়াত কমল গুহের স্মৃতিচারণ করলে শুভেন্দু টিপ্পনি কাটেন— “আপনি তো আপনার বাবাকেই চোর বলেছিলেন।”

এই মন্তব্যেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বিধানসভা। মেজাজ হারিয়ে উদয়ন গুহ সরাসরি শুভেন্দুর ব্যক্তিগত জীবন ও তাঁর বাবা শিশির অধিকারীকে টেনে আনেন। তিনি বলেন, “আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?” এই মন্তব্যের পরই রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা। বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পালটা স্লোগান দেয় তৃণমূলও।

বিতর্ক এখানেই শেষ হয়নি। এর আগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘ক্রিমিনাল’ ও ‘অনুপ্রবেশকারী’ শব্দ ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। মন্ত্রী ফিরহাদ হাকিম কড়া ভাষায় তার নিন্দা করে বলেন, “এ পি জে আব্দুল কালাম বা কাজী নজরুল কি ক্রিমিনাল ছিলেন? আপনাদের ধিক্কার!” সব মিলিয়ে শুক্রবারের বিধানসভা দেখল নজিরবিহীন এক রাজনৈতিক লড়াই, যা ছাপিয়ে গেল উন্নয়নের যাবতীয় আলোচনাকে।