ডলারের দাদাগিরি শেষ! ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে রকেটের গতিতে ছুটছে রুপি, ৩ বছরের রেকর্ড চুরমার

বিশ্ব বাজারে ডলারের একাধিপত্যে বড়সড় ধাক্কা দিয়ে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি। আমেরিকা ও ভারতের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্যিক চুক্তি (Trade Deal) স্বাক্ষরিত হতেই শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারতীয় মুদ্রা বাজার। ২০২৩ সালের পর থেকে এক সপ্তাহের নিরিখে রুপির মান এখন সবথেকে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এই চুক্তি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।
বাজার সূত্রে খবর, শুক্রবার লেনদেনের শেষে ডলারের বিপরীতে রুপির দাম ৯০.৭০-এ থিতু হয়েছে। যদিও দিনের শুরুতে সামান্য ওঠা-নামা ছিল, কিন্তু সপ্তাহজুড়ে রুপির সামগ্রিক উত্থান ছিল প্রায় ১.৪ শতাংশ। মঙ্গলবার ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ঘোষণার পরই ছবিটা পাল্টাতে শুরু করে। এর ফলে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার এবং বহিরাগত বিনিয়োগের পথ আরও প্রশস্ত হয়েছে। পাশাপাশি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তাদের রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখায় বাজার আরও স্থিতিশীল হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই শক্তিশালী রুপি আমদানিকৃত পণ্যের দাম কমাতে সাহায্য করবে, যার সরাসরি সুবিধা পাবেন সাধারণ মানুষ।