হাওড়া পৌরনিগম নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! বিধানসভায় আসছে নতুন বিল, তবে কি ভোটের ঘণ্টা বাজল?

দীর্ঘ প্রতীক্ষা আর একরাশ অনিশ্চয়তার মাঝে ফের চর্চায় হাওড়া পৌরনিগম। শনিবার বিধানসভায় হাওড়া পৌরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত একটি সংশোধনী বিল আনতে চলেছে রাজ্য সরকার। বর্তমানের ৫০টি ওয়ার্ডকে বাড়িয়ে ৬৬টি করার লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে এই বিল আসলেও বহুপ্রতিক্ষিত পুরভোটের দিনক্ষণ নিয়ে সরকারের তরফে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

২০১৩ সালে শেষবার হাওড়া পৌরনিগমের নির্বাচন হয়েছিল। ২০১৮ সালে সেই মেয়াদের ইতি ঘটলেও গত সাত বছর ধরে সেখানে কোনও নির্বাচিত বোর্ড নেই। বর্তমানে প্রশাসক মণ্ডলীর মাধ্যমেই চলছে শহরের যাবতীয় কাজকর্ম। ২০১৬ সালে বালি পৌরসভাকে এর অন্তর্ভুক্ত করা এবং পরবর্তীতে ২০১৯ সালে আবার তা আলাদা করে দেওয়ার আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে নির্বাচন। নাগরিক পরিষেবা নিয়ে যখন ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই ওয়ার্ড সংখ্যা বাড়ানোর এই সিদ্ধান্তকে ঘিরে দানা বাঁধছে নতুন বিতর্ক।

হাওড়ার সাধারণ নাগরিকদের একাংশের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পানীয় জল থেকে রাস্তাঘাট—নানা ক্ষেত্রে পরিষেবা ব্যাহত হচ্ছে। দ্রুত নির্বাচন করাই এখন একমাত্র সমাধান। বিরোধীরা অবশ্য সরকারের এই বিল আনার বিষয়টিকে ‘ভাঁওতা’ বলেই মনে করছে। বিজেপি নেতা ওমপ্রকাশ সিং সাফ জানিয়েছেন, “সরকারের সদিচ্ছার অভাবেই ভোট আটকে আছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এখন ওয়ার্ড বাড়ানোর খেলা চলছে।” একই সুরে সিপিআইএম-ও দাবি তুলেছে, ওয়ার্ড পুনর্বিন্যাসের নামে সময় নষ্ট না করে অবিলম্বে ভোট করানো হোক।