‘কাশ্মীর সংহতি দিবস’ না কি ভাঁওতাবাজি? পাকিস্তানের মুখোশ খুলে দিলেন কাশ্মীরি অ্যাক্টিভিস্ট জাভেদ বেগ

প্রতিবেদন: প্রতি বছর ৫ ফেব্রুয়ারি পাকিস্তান তথাকথিত ‘কাশ্মীর সংহতি দিবস’ পালন করলেও, ভারতের পালটা মারে এবার ইসলামাবাদ কোণঠাসা। কাশ্মীরি মানবাধিকার কর্মী জাভেদ বেগ পাকিস্তানের এই দিবস পালনকে ‘ভুয়ো নাটক’ এবং ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, নিজেদের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড ঢাকতেই পাকিস্তান এই প্রচার চালায়।
ভারতের এই কড়া জবাব এসেছে রণক্ষেত্রেই। জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলার ডিচ্ছার এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ‘CIF ডেল্টা’, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযানে ‘অপারেশন ত্রাশি-১’ (Trashi-I) সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অভিযানে আদিল নামে এক পাকিস্তানি জঙ্গিকে খতম করা হয়েছে, যে পাকিস্তানের বাহাওয়ালপুর ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের সদস্য ছিল। জাভেদ বেগের দাবি, এটিই হলো পাকিস্তানের ভণ্ডামির বিরুদ্ধে ভারতের আসল জবাব।
আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে জাভেদ বেগ তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে জানিয়েছেন, ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-ই-মুহম্মদের সদর দপ্তর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই অভিযানে জইশ প্রধান মাসুদ আজহারের বেশ কয়েকজন নিকটাত্মীয় নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ২০১৯-এর পুলওয়ামা হামলা থেকে শুরু করে সাম্প্রতিক দিল্লির লাল কেল্লার কাছে নাশকতামূলক কাজেও এই জঙ্গি গোষ্ঠীর হাত ছিল। জাভেদ বেগের মতে, প্রতীকী দিবস পালন নয়, বরং মাটিতে ভারতের এই সামরিক পদক্ষেপই কাশ্মীরের প্রকৃত সত্য প্রতিফলিত করে।