গেমিং হোক বা পড়াশোনা—সাফল্যের চাবিকাঠি দিলেন মোদী! ‘পরীক্ষা পে চর্চা’য় পড়ুয়াদের জন্য রইল মেগা টিপস

বোর্ড পরীক্ষার আবহে আজ সারা দেশের পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সাথে সরাসরি মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবম ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে উঠে এল গেমিং থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং টাইম ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ সব বিষয়। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, পরীক্ষার চাপ কমাতে মুখস্থ বিদ্যা নয়, বরং সুশৃঙ্খল জীবনধারা এবং নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পড়াশোনা করা প্রয়োজন।

অনুষ্ঠানে এক পড়ুয়া গেমিং-এ কেরিয়ার গড়ার ইচ্ছাপ্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত ইতিবাচক পরামর্শ দেন। তিনি বলেন, শুরুতে অভিভাবকরা বাধা দিলেও হতাশ হওয়া চলবে না। বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। সাফল্য এলে পরিবারও গর্বিত হবে। পাশাপাশি তিনি আধুনিক প্রযুক্তির যুগে AI-এর ব্যবহার নিয়েও কথা বলেন। মোদীজি জানান, AI আমাদের সাহায্যকারী হতে পারে, কিন্তু কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার বিকল্প হিসেবে এটি কখনওই কাজ করবে না।

পড়ুয়াদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, নিজের সময় ব্যবস্থাপনার জন্য ডায়েরি ব্যবহার করা এবং মহাপুরুষদের জীবনী পড়া। তিনি বলেন, সাফল্য রাতারাতি আসে না, সিঁড়ির মতো ধাপে ধাপে অর্জন করতে হয়। পরীক্ষার ভয় কাটাতে সিলেবাসকে বোঝা এবং বোর্ড পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।