ভারত-আফগানিস্তানের কপালে চিন্তার ভাঁজ! গোয়েন্দা তথ্য আদান-প্রদানে গোপন চুক্তি করল চীন ও পাকিস্তান

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড়সড় রদবদল ঘটিয়ে পাকিস্তানের সাথে সরাসরি গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার চুক্তি স্বাক্ষর করল চীন। ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে চীনা রাষ্ট্রদূত এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই চুক্তিতে সই করেন। বিশেষজ্ঞদের মতে, বেলুচিস্তান লিবারেশন আর্মি (BLA) যেভাবে পাকিস্তানে চীনা স্বার্থে ক্রমাগত আঘাত হানছে, তা সামাল দিতেই বেইজিং এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে।
বেলুচিস্তানে চীনের উচ্চাকাঙ্ক্ষী সিসিইপি (CPEC) প্রকল্প বর্তমানে গভীর সংকটে। বিএলএ-র হামলার ভয়ে চীন গওয়াদরে তাদের ক্যাম্প সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। নতুন এই চুক্তির ফলে চীন এখন থেকে রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য পাকিস্তানের সাথে শেয়ার করবে। এর অর্থ হলো, বিএলএ বা টিটিপি-র মতো সংগঠনগুলোর গতিবিধি শনাক্ত করতে এখন সরাসরি চীনের আধুনিক নজরদারি প্রযুক্তি ও এজেন্টরা পাকিস্তানের মাটিতে সক্রিয় হতে পারবে।
তবে এই চুক্তি প্রতিবেশী ভারত ও আফগানিস্তানের জন্য অশনিসংকেত বলে মনে করা হচ্ছে। চীনের এই সরাসরি হস্তক্ষেপ পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। অনেকে মনে করছেন, নিরাপত্তার অজুহাতে চীন আসলে ধীরে ধীরে পাকিস্তানে নিজের সেনা ও গোয়েন্দা সাম্রাজ্য বিস্তার করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইতিমধ্যেই স্বীকার করেছেন যে, বেলুচিস্তান নিয়ন্ত্রণে আরও সামরিক শক্তির প্রয়োজন। এখন দেখার বিষয়, ড্রাগন ও করাচির এই যুগলবন্দি বিএলএ-র তাণ্ডব থামাতে পারে কি না।