ডিজিটাল জালিয়াতিতে টাকা খোয়ালেই কেল্লাফতে! ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেবে RBI, কড়া ঘোষণা শক্তিকান্ত দাসের

বর্তমান যুগে ডিজিটাল পেমেন্ট বা অনলাইন লেনদেন যেমন জীবনকে সহজ করেছে, তেমনই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যনতুন সাইবার জালিয়াতি। বিশেষ করে প্রযুক্তিগতভাবে কম সচেতন প্রবীণ নাগরিকরা বারবার এই প্রতারকদের সহজ শিকারে পরিণত হচ্ছেন। এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। ফেব্রুয়ারি মাসের মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, ডিজিটাল জালিয়াতির শিকার হওয়া গ্রাহকদের সরাসরি আর্থিক ত্রাণ প্রদান করা হবে।

আরবিআই-এর প্রস্তাব অনুযায়ী, ক্ষুদ্র মূল্যের ডিজিটাল জালিয়াতির ক্ষেত্রে গ্রাহকদের ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। অনেক সময় প্রতারিত হয়ে মানুষ সর্বস্ব হারিয়ে ফেলেন, এমনকি আত্মহত্যার মতো চরম পথও বেছে নেন। সেই আতঙ্ক দূর করতেই এই আর্থিক সহায়তার কথা ভাবা হয়েছে। তবে এই ক্ষতিপূরণ ব্যাংক দেবে নাকি নির্দিষ্ট কোনো তহবিল থেকে আসবে, তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক শীঘ্রই একটি বিস্তারিত খসড়া বা গাইডলাইন প্রকাশ করবে।

কেন প্রবীণরাই বেশি টার্গেট? জালিয়াতিরা প্রায়শই ব্যাংক অফিসার, পুলিশ বা সরকারি এজেন্সির পরিচয় দিয়ে ফোন করে। কেওয়াইসি (KYC) আপডেট বা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভয় দেখিয়ে ওটিপি (OTP) হাতিয়ে নেওয়া হয়। প্রবীণ নাগরিকদের এই প্রযুক্তিগত সরলতাকেই অস্ত্র করে প্রতারকরা। আরবিআই জানিয়েছে, কেবল ক্ষতিপূরণ নয়, প্রবীণ নাগরিকদের জন্য ডিজিটাল লেনদেন আরও নিরাপদ করতে বিশেষ সুরক্ষা কভার বা ‘সেফটি লেয়ার’ যুক্ত করা হবে। এখন থেকে ডিজিটাল জালিয়াতদের খপ্পরে পড়লেও সব হারানোর ভয় থাকবে না সাধারণ মানুষের।