পিছু ছাড়ছে না অভিশাপ! এফআইআরের পর এবার বড় ধাক্কা খেলেন নীরজ পান্ডে, বিপাকে ‘ঘুষখোর পণ্ডিত’

বলিউডের খ্যাতনামা পরিচালক নীরজ পান্ডের বিপদ যেন কিছুতেই কাটছে না। মনোজ বাজপেয়ী অভিনীত নেটফ্লিক্সের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ (Ghuskhore Pandit) নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই এবার আইনি ধাক্কা খেল তাঁর প্রযোজনা সংস্থা ‘ফ্রাইডে স্টোরি টেলার্স’। লখনউতে এফআইআর দায়ের হওয়ার পর এবার ময়দানে নেমেছে মুম্বই ভিত্তিক প্রভাবশালী সংগঠন ‘ফিল্ম মেকার্স কম্বাইন’ (FMC)।
এফএমসি-র পক্ষ থেকে নীরজ পান্ডের প্রযোজনা সংস্থাকে একটি কড়া নোটিশ পাঠানো হয়েছে। তাদের দাবি, ‘ঘুষখোর পণ্ডিত’ শিরোনামটি কোনো চলচ্চিত্র সমিতিতে নিবন্ধিত বা রেজিস্টার্ড নয়। নিয়ম অনুযায়ী, কোনো ছবির নাম ব্যবহারের আগে যথাযথ আবেদন করে অনুমতি নিতে হয়, যা নীরজ পান্ডে করেননি। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকেও আলাদা করে নোটিশ পাঠিয়ে এই ‘অননুমোদিত’ শিরোনাম ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে এফএমসি। সন্তোষজনক জবাব না পেলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছবির নাম নিয়ে ইতিমধ্যেই উত্তাল উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। ব্রাহ্মণ সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে লখনউতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, ছবির নাম একটি নির্দিষ্ট সম্প্রদায়কে চোর বা ঘুষখোর হিসেবে চিহ্নিত করছে, যা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। এফআইআর এবং এফএমসি-র এই সাঁড়াশি আক্রমণে ছবিটির মুক্তি এখন গভীর অনিশ্চয়তার মুখে।