ব্রাহ্মণদের অপমানে ক্ষুব্ধ মায়াবতী! ‘ঘুষখোর পণ্ডিত’ ছবি নিষিদ্ধ করার দাবিতে তোলপাড় দেশ

মুক্তির আগেই খবরের শিরোনামে পরিচালক নীরজ পান্ডের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’। ছবির নাম নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক। ব্রাহ্মণ সম্প্রদায়ের অভিযোগ, এই ছবির নাম অত্যন্ত আপত্তিকর এবং এটি সরাসরি একটি বিশেষ জাতিকে অপমান করে। এই বিতর্কে এবার যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী। তিনি এই ছবিটিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ (টুইটার) একটি পোস্টে মায়াবতী ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের বিষয় যে চলচ্চিত্রেও এখন পণ্ডিতদের অপমান করা হচ্ছে। এটি সমগ্র ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।” তিনি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই ‘জাতিবিদ্বেষী’ চলচ্চিত্রটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। মায়াবতীর এই মন্তব্য উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ছবির নাম নিয়ে বিক্ষোভের আগুন ভোপাল থেকে লখনউ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে লখনউয়ের হজরতগঞ্জ থানায় এই ছবির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সাফাই দিয়েছেন পরিচালক নীরজ পান্ডে। তিনি জানিয়েছেন, ছবিটি একটি কাল্পনিক পুলিশ ড্রামা। ‘পণ্ডিত’ শব্দটি কেবল একটি চরিত্রের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করা তাঁদের উদ্দেশ্য নয়। তবে পরিচালকের এই ব্যাখ্যায় মন গলেনি প্রতিবাদীদের। ব্রাহ্মণ সংগঠনগুলোর দাবি, ছবির নাম পরিবর্তন না করা পর্যন্ত এই লড়াই চলবে।

Samrat Das
  • Samrat Das