এপস্টিন ফাইলসে অনুরাগের নাম! ‘বলিউড গাই’ তকমা ঘিরে তোলপাড় বিনোদন দুনিয়া, মুখ খুললেন পরিচালক

জেফরি এপস্টিন কাণ্ড নিয়ে আন্তর্জাতিক স্তরে যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তার আঁচ এবার এসে লাগল বলিউডেও। সম্প্রতি প্রকাশিত ‘এপস্টিন ফাইল্স’-এ ভারতের বিনোদন জগতের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের নাম প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। এই তালিকায় পরিচালক অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু অনুরাগই নন, নথিতে নাম রয়েছে মীরা নায়ার ও নন্দিতা দাসের মতো আন্তর্জাতিক স্তরে পরিচিত তারকাদেরও।
বিস্মিত অনুরাগ, অভিযুক্ত মীরা ও নন্দিতা: অনুরাগ কাশ্যপ এই ঘটনায় তীব্র বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, “কয়েক মাস আগে একটি আমন্ত্রণপত্র পেয়েছিলাম ঠিকই, কিন্তু কোনও উত্তর দিইনি। আমি জীবনে কখনও বেজিং যাইনি, তাই কেন আমার নাম এখানে এসেছে তা আমার বোধগম্য নয়।” অন্যদিকে, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমেলিয়া’-র সাফল্য উদ্যাপন সংক্রান্ত একটি অনুষ্ঠানের সূত্রে নথিতে নাম রয়েছে মীরা নায়ারের। যদিও সরাসরি কোনও অপরাধের উল্লেখ নেই, তবুও নিউ ইয়র্কে মীরার বর্তমান বাসভবনের সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। একইভাবে কোনও এক অনুষ্ঠানে উপস্থিতির কারণে নন্দিতা দাসের নামটিও ফাইলে উঠে এসেছে।
কঙ্গনার কড়া প্রতিক্রিয়া ও আতঙ্কের ছায়া: এই ফাইল প্রকাশ্যে আসতেই বরাবরের মতো সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এপস্টিন ফাইল্স পড়ে গা শিউরে উঠছে। যাঁদের ছবি বা কাজ দেখে আমরা বড় হয়েছি, সেই সব শিল্পী ও রাজনীতিবিদদের নাম শিশু ও অল্পবয়সী মেয়েদের ওপর অত্যাচারের ঘটনায় জড়িয়ে রয়েছে— এটা ভাবা যায় না।” যদিও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও আইনি প্রমাণ মেলেনি, তবুও আন্তর্জাতিক এই যৌন কেলেঙ্কারির নথিতে ভারতীয় তারকাদের নাম থাকা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।