গড়িয়ায় তুলকালাম! ৮৫ বছরের পুজো কমিটির অফিসে তাণ্ডব, সম্পাদকের বুকে বন্দুক ঠেকিয়ে লুঠের অভিযোগ!

কলকাতার গড়িয়া এলাকায় ৮৫ বছরের প্রাচীন নবদুর্গা পুজো কমিটির অফিস ঘরে ভয়াবহ ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগের তির স্থানীয় এক প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়ের দিকে। কমিটির সম্পাদকের দাবি, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শুধু ভাঙচুরই নয়, টাকা লোপাট এবং ক্লাব ঘর দখলের চেষ্টাও চালিয়েছে ওই প্রোমোটারের দলবল।
অভিযোগ ও পাল্টা অভিযোগ: পুজো কমিটির সম্পাদকের অভিযোগ, “অমিত গঙ্গোপাধ্যায় এলাকার স্বঘোষিত মস্তান। তিনি মাফিয়া রাজ চালাচ্ছেন। আজ সকালে দলবল নিয়ে এসে আমার বুকে বন্দুক ঠেকিয়ে মারধর করেন। আলমারি ভেঙে টাকা নিয়ে নেওয়া হয়েছে। এমনকি ক্লাবের সভাপতি ও সম্পাদককে খুনের হুমকিও দেওয়া হয়েছে।” পাল্টা সুর চড়িয়েছেন অভিযুক্ত প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়ও। তাঁর দাবি, ওই ক্লাবের সদস্যরাই তাঁর বড় প্রজেক্ট আটকানোর ভয় দেখিয়ে ৩০ লক্ষ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়াতেই এই ‘নাটক’ সাজানো হচ্ছে।
তদন্তে পুলিশ: স্থানীয় সূত্রের খবর, ওই প্রোমোটারের বিরুদ্ধে এলাকায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগও রয়েছে। অন্যদিকে, প্রোমোটারের নিশানায় থাকা মহাদেব চক্রবর্তী এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, যাঁর বিরুদ্ধে টাকা তোলার পাল্টা অভিযোগ এনেছেন অমিত। ক্লাবের আসবাবপত্র ও জিনিসপত্র বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন ক্লাব সদস্যরা।