ভোটার তালিকায় নাম কি উঠবে? মেটিয়াব্রুজে জট, বড় পদক্ষেপ জেলাশাসকের!

শনিবার, ৭ ফেব্রুয়ারি বিশেষ অনুসন্ধান বা এসআইআর (SIR) শুনানির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতির নিরিখে উঠছে বড়সড় প্রশ্ন—সব আবেদনকারীর শুনানি কি আদৌ কালকের মধ্যে শেষ করা সম্ভব? বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াব্রুজ এলাকায় শুনানির কাজ এখনও অনেকটা বাকি থাকায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।

এই জটিলতা কাটাতে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। তিনি জানিয়েছেন, মেটিয়াব্রুজে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় নির্ধারিত সময়ের মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিনি কমিশনের কাছে শুনানির সময়সীমা আরও ৩ থেকে ৪ দিন বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। জেলাশাসকের এই আর্জি এখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের বিবেচনাধীন।

তবে প্রশাসনিক সূত্রে খবর, সময়সীমা বাড়ানো নিয়ে কমিশন কিছুটা দোটানায় রয়েছে। কারণ, এসআইআর শুনানির সময় বাড়ানো হলে তার সরাসরি প্রভাব পড়বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ওপর। নির্ধারিত সূচি অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করতে হলে কমিশন হয়তো জেলা প্রশাসনকে দ্রুত কাজ শেষ করার কড়া বার্তা দিতে পারে। এখন দেখার, কমিশন বাড়তি সময় দেয় নাকি নির্ধারিত দিনেই এই প্রক্রিয়ার যবনিকা পতন ঘটে।