‘ভবানীপুরে দিদির বিদায় ঘণ্টা বেজে গেছে!’ মমতার হারের ভবিষ্যদ্বাণী করে বিষ্ফোরক সোনালী গুহ

এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। দিদি যেখানে, সোনালী গুহ সেখানে—এমনটাই জানত বাংলার মানুষ। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই চারবারের বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ এখন বিজেপি শিবিরে। এশিয়ানেট বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সোনালী যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। তাঁর সাফ দাবি, “ভবানীপুরে এবার শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত।”

সাক্ষাৎকারে সোনালী গুহ সিঙ্গুর আন্দোলনের দিনগুলোর কথা বলতে গিয়ে একাধিক ‘গোপন সত্য’ ফাঁস করেছেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলে কীভাবে ক্ষমতা দখল করা হয়েছিল। মমতার একদা বিশ্বস্ত এই নেত্রী এখন দাবি করছেন, “দিদি যে দুর্নীতির জালে জড়িয়ে পড়বেন, তা ভাবিনি। আজ সারা রাজ্যে যে পাহাড়প্রমাণ দুর্নীতি, তার উৎস কোথায় তা সবাই জানে।” বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সিঙ্গুর—অতীতের অনেক না-বলা কথা এদিন অকপটে জানিয়েছেন সোনালী। এক সময়ের ঘনিষ্ঠ সৈনিকের মুখে এই ধরণের আক্রমণ নিশ্চিতভাবেই তৃণমূল শিবিরের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। ২০২৬-এর মহাযুদ্ধে সোনালী-ফ্যাক্টর কতটা কাজ করে, এখন সেটাই দেখার।