নির্বাচনী বাজেটে মমতার মেগা ধামাকা! এক ধাক্কায় ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই রাজ্যের মা-বোনেদের জন্য ‘কল্পতরু’ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যাশামতোই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। প্রকল্পের শুরু থেকে যে পরিমাণ ধাপে ধাপে বেড়েছিল, আজ তা এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেল।

কারা কত টাকা পাবেন? বাজেট ঘোষণা অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরাসরি ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে:

  • সাধারণ বা জেনারেল ক্যাটাগরি: মহিলারা আগে পেতেন ১০০০ টাকা, এখন থেকে তাঁরা পাবেন মাসে ১৫০০ টাকা

  • তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST): মহিলারা আগে পেতেন ১২০০ টাকা, এখন থেকে তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে মাসে ১৭০০ টাকা

সবথেকে বড় চমক হল, এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য মহিলাদের দীর্ঘ অপেক্ষা করতে হবে না। অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে। অর্থাৎ, চলতি মাসেই বাংলার মহিলারা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থ পেয়ে যাবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের এই বরাদ্দ বৃদ্ধি তৃণমূল সরকারের এক মোক্ষম ‘মাস্টারস্ট্রোক’। রাজ্যের প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধাভোগী। বাজেটে এই বিশাল অঙ্কের বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার নারী ভোটারদের কাছে এক শক্তিশালী বার্তা দিল। বিরোধীরা একে ‘নির্বাচনী গিমিট’ বললেও, সাধারণ মা-বোনেদের মধ্যে এই ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।