‘আমরা তো কলম্বো যাচ্ছি, ওরাই না করে দিয়েছে!’ ভারত-পাক দ্বৈরথ নিয়ে বোমা ফাটালেন সূর্য

শনিবার থেকেই শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপের মহারণ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটবিশ্বে চরম উত্তেজনা। মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গিয়েছে স্নায়ুর যুদ্ধ। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেই যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই বড় ঘোষণা করে বসেছে পাকিস্তান। তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। তবে পাকিস্তানের এই অবস্থানে বিন্দুমাত্র বিচলিত নয় ভারতীয় শিবির। ভারতীয় দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব সাফ জানিয়ে দিলেন, তাঁরা খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাঁদের কলম্বোর টিকিটও কাটা হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার অধিনায়কদের মিলিত হওয়ার এক অনুষ্ঠানে সূর্যকুমার যাদব পাকিস্তানের বয়কট প্রসঙ্গে বলেন, “আমাদের মনোভাব অত্যন্ত পরিষ্কার। আমরা ওদের বিরুদ্ধে খেলব না—এমন কথা বলিনি। ওরাই বলছে আমাদের বিরুদ্ধে খেলবে না। আইসিসি-র ক্রীড়াসূচি অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সারা। আমাদের কলম্বো যাওয়ার উড়ানের টিকিট কাটা হয়ে গিয়েছে। প্রথমে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে খেলব, তারপর সূচি মেনে কলম্বোয় যাব।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অবশ্য এই বয়কটের সিদ্ধান্তে অনড়। তাঁর দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়াতেই পাকিস্তানের এই সিদ্ধান্ত। রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ পাকিস্তান। শাহবাজ শরিফ স্পষ্ট জানিয়েছেন, খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় এবং পাকিস্তানের এই অবস্থান অত্যন্ত দৃঢ়।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যদি ভারতীয় দল মাঠে নামে এবং পাকিস্তান না আসে, তবে ভারত সরাসরি ‘ওয়াক-ওভার’ পাবে। এতে সূর্যকুমারদের ঝুলিতে যোগ হবে মূল্যবান ২ পয়েন্ট, যা তাঁদের সেমিফাইনালের পথ অনেকটা সহজ করে দেবে। তবে ক্রিকেটপ্রেমীরা এই হাইভোল্টেজ ম্যাচ মিস করতে চান না। এখন দেখার, শেষ মুহূর্তে আইসিসি-র হস্তক্ষেপে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলায় নাকি ভারত বিনাযুদ্ধে জয় ছিনিয়ে নেয়।