বিসিসিআই-তে ফিরছেন অনুরাগ ঠাকুর! দীর্ঘ ৯ বছরের ‘নির্বাসন’ কাটল সুপ্রিম কোর্টের রায়ে

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিসিসিআই-এর কার্যকলাপে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনুরাগ ঠাকুরের ওপর আর কোনও আইনি বাধা নেই। প্রায় ৯ বছর আগে ২০১৭ সালে আদালতের নির্দেশে তাঁকে বোর্ডের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছিল, সেই ‘নিষেধাজ্ঞা’র মেঘ অবশেষে কাটল।

ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর একটি ডিভিশন বেঞ্চ এদিন এই ঐতিহাসিক রায় দেয়। আদালত স্পষ্ট করে জানায় যে, ২০১৭ সালের ২ জানুয়ারি দেওয়া আদেশে ঠাকুরকে বোর্ডের কার্যক্রম থেকে “বিরত” থাকতে বলা হয়েছিল। কিন্তু তার অর্থ এই নয় যে, তাঁকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে বোর্ডের বর্তমান নিয়মকানুন মেনে তিনি পুনরায় ক্রিকেট প্রশাসনে যোগ দিতে পারবেন।

স্মর্তব্য যে, লোধা কমিটির সুপারিশ কার্যকর করা নিয়ে বিসিসিআই ও সুপ্রিম কোর্টের টানাপোড়েনের সময় তৎকালীন সভাপতি অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে আদালত অবমাননা ও মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় আদালত কড়া অবস্থান নিয়ে ঠাকুর ও বোর্ডের তৎকালীন সচিব অজয় শিরকেকে পদ থেকে সরিয়ে দিয়েছিল। এমনকি আইসিসি-র ওপর হস্তক্ষেপের জন্য চাপ দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। যদিও পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা ফৌজদারি অভিযোগ ও মিথ্যা হলফনামার মামলা বাতিল করা হয়েছিল, তবুও বোর্ডের পদাধিকারী হওয়া নিয়ে আইনি জটিলতা বজায় ছিল। এদিনের রায়ের পর অনুরাগ ঠাকুরের বোর্ড রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সমস্ত জল্পনা নতুন মাত্রা পেল।

Samrat Das
  • Samrat Das