প্রচার না কি পরকীয়া? দ্বিতীয় বিয়ের ভিডিও ঘিরে বড়া পাভ গার্ল চন্দ্রিকাকে ধুইয়ে দিলেন নেটিজেনরা

‘বিগ বস ওটিটি ৩’ খ্যাত এবং সোশ্যাল মিডিয়ায় ‘বড়া পাভ গার্ল’ নামে পরিচিত চন্দ্রিকা দীক্ষিতের ব্যক্তিগত জীবন এখন টক অফ দ্য টাউন। কিছুদিন আগে চন্দ্রিকা তাঁর স্বামী যুগম গেরার বিরুদ্ধে প্রতারণা এবং অন্য মহিলার সঙ্গে চ্যাটিংয়ের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কিন্তু এবার পালটা আক্রমণ শানালেন যুগম। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া এবং বিশ্বাসভঙ্গের বিস্ফোরক অভিযোগ এনে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

স্বামীর বিস্ফোরক ভিডিও: যুগম তাঁর এবং চন্দ্রিকার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে বলেন, “তোমার নতুন প্রেমিকের সাথে ঘুরে বেড়াও, আমার কিছু যায় আসে না। তবে সত্যিটা সবার জানা দরকার।” শুধু তাই নয়, ভিডিওতে যুগমকে যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে। তিনি চন্দ্রিকার উদ্দেশ্যে বলেন, “তোমার পা ভেঙে দেব।” যুগমের এই মন্তব্য নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে।

দ্বিতীয় বিয়ের গুঞ্জন ও নেটিজেনদের প্রতিক্রিয়া: বিতর্কের সূত্রপাত চন্দ্রিকার শেয়ার করা কিছু রহস্যময় ভিডিও ঘিরে। একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি চন্দ্রিকাকে শব-ই-বরাতের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাঁরা স্বামী-স্ত্রীর মতো অভিনয় করছেন। অন্য একটি ভিডিওতে চন্দ্রিকাকে লাল সালোয়ার স্যুট ও সিঁদুর পরা অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে ওই ব্যক্তি তাঁর সিঁদুর নিয়ে তিলক পরছেন। ক্যাপশনে চন্দ্রিকা লিখেছেন, “আজ থেকে তোমার সমস্ত রাস্তা আমার।”

এই ভিডিও দেখার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকেই একে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ করেছেন। কেউ লিখেছেন, “এটা কি আপনার দ্বিতীয় স্বামী?”, আবার কেউ বলছেন, “প্রচার পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে!” এটি সত্যিকারের দাম্পত্য কলহ না কি কোনও আসন্ন মিউজিক ভিডিওর প্রোমোশন, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।