অরিজিতের প্লেব্যাক ত্যাগের আবহে ঘি ঢাললেন অভিজিৎ! কেন বড় তারকার ছবিতে গাইতে টাকা চান না গায়করা?

বলিউড সংগীত জগতের অন্দরে কান পাতলে এখন কেবলই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার গুঞ্জন। আর সেই আগুনেই এবার ঘি ঢাললেন দেশের প্রথম রয়্যালটি শো ‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত। তাঁর দাবি, বলিউডে সংগীতশিল্পীদের আর্থিক নিরাপত্তা এবং রয়্যালটির অভাব অত্যন্ত করুণ। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিজিৎ স্পষ্ট জানিয়েছেন যে, ভারতে ইন্ডাস্ট্রির কাঠামো এমনভাবে তৈরি যাতে গায়করা কখনোই সিনেমার ব্র্যান্ড ভ্যালুর চেয়ে বড় না হয়ে উঠতে পারেন।

অভিজিতের মতে, এই শোষণের জন্য গায়কদের একাংশও দায়ী। তিনি বলেন, “বড় কোনো মহাতারকার লিপে গান গাওয়ার সুযোগ পাওয়ার লোভে অনেক গায়ক পারিশ্রমিক নিয়ে দরদাম করেন না। গায়করা ভাবেন, গানটা একবার হিট হলে স্টেজ শো করে আজীবন টাকা কামানো যাবে, তাই তাঁরা রেকর্ডিংয়ের সময় পারিশ্রমিক বা রয়্যালটি নিয়ে কথা বলেন না। এই মানসিকতার সুযোগটাই নেয় বড় বড় প্রোডাকশন হাউজগুলো।” বিড্ডুর (Biddu) উদাহরণ টেনে তিনি জানান, বিদেশে মাত্র দুটি গানের রয়্যালটি দিয়ে সারাজীবন কাটানো সম্ভব হলেও ভারতে সেই ব্যবস্থা নেই।

অরিজিতের সিদ্ধান্ত ও আগামীর প্রশ্ন: এই বিস্ফোরক মন্তব্যের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানের মহাতারকা অরিজিৎ সিং সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি প্লেব্যাক থেকে বিরতি নিতে চান। অরিজিৎ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “এটা অনেক দিনের ভাবনা, অবশেষে সাহস সঞ্চয় করে সিদ্ধান্ত নিলাম।” অরিজিতের মতো শীর্ষে থাকা গায়কের সরে যাওয়া এবং অভিজিতের এই অভিযোগ কি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ প্রতীক্ষিত কোনো বিপ্লব আনবে? সময় দেবে তার উত্তর।