বিহার নির্বাচন কি বাতিল হবে? সুপ্রিম কোর্টে প্রশান্ত কিশোর! পিকে-র ‘জন সুরাজ’-এর দাবিতে তোলপাড়

২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’। বিহারে নতুন করে নির্বাচন করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই নতুন রাজনৈতিক দল। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই আর্জিটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন এই আর্জি? নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ ২০২টি আসনে জিতে বিশাল জয় পেলেও, জন সুরাজ পার্টির দাবি—এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি। তাঁদের অভিযোগ, নির্বাচনের আদর্শ আচরণবিধি (MCC) ঘোষণা হওয়ার পর বিহার সরকার ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র অধীনে ১.৫ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পাঠিয়েছে। প্রশান্ত কিশোরের মতে, এটি সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং নির্বাচনী বিধিভঙ্গের সামিল।
আদালতের কাছে দাবি: জন সুরাজ পার্টি সংবিধানে ৩২৪ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ নম্বর ধারা অনুযায়ী বিহারে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। এছাড়া ভবিষ্যতে ভোট ঘোষণার অন্তত ৬ মাস আগে এই ধরনের সরকারি প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বাঁধার আর্জি জানিয়েছে পিকে-র দল। উল্লেখ্য, ২০২৫-এর নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি জন সুরাজ, এমনকি বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।