ওলা-উবার শেষ? অমিত শাহের ‘ভারত ট্যাক্সি’তে ভাড়ায় ৩০% ছাড়, সাথে চালকদের বাম্পার সুযোগ!

দেশের ক্যাব পরিষেবা জগতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো। আজ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সহকার সে সমৃদ্ধি” (সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি) স্লোগানকে সামনে রেখে এই নতুন সমবায় ট্যাক্সি পরিষেবাটি সরাসরি ওলা (Ola) এবং উবার (Uber)-এর মতো টেক-জায়ান্টদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
ভারত ট্যাক্সির সবথেকে বড় চমক হলো এর ভাড়ার হার। যাত্রীদের জন্য অটো, বাইক এবং কার—তিনটি বিকল্পই থাকছে। দাবি করা হয়েছে, সাধারণ বাজারের তুলনায় এই পরিষেবায় ভাড়া প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কম হবে। সবথেকে স্বস্তির বিষয় হলো, এখানে কোনো ‘সার্জ প্রাইসিং’ (Surge Pricing) বা বাড়তি মূল্যের নিয়ম নেই। অর্থাৎ বৃষ্টি, প্রবল যানজট বা অফিস টাইমের অত্যধিক চাহিদাতেও ভাড়ার কোনো পরিবর্তন হবে না। যাত্রীরা আগে থেকেই স্বচ্ছ এবং নির্ধারিত ভাড়ার তালিকা দেখতে পাবেন।
কেবল যাত্রীদের পকেট সাশ্রয় নয়, এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চালকরা, যাদের এখানে ‘সারথি’ হিসেবে সম্বোধন করা হয়েছে। ইতিমধ্যে ৪ লক্ষেরও বেশি চালক এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। গত নভেম্বর থেকে দিল্লি-এনসিআর এলাকায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা সফলভাবে চালানোর পর আজ সারা দেশে এর ব্যাপ্তি ঘটানো হলো। চালকদের সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার ১০ লক্ষ টাকার বিমা সুবিধা দিচ্ছে, যার মধ্যে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা এবং ৫ লক্ষ টাকার পারিবারিক স্বাস্থ্য বিমা অন্তর্ভুক্ত। এছাড়াও থাকছে অবসরকালীন সঞ্চয় প্রকল্প এবং দিল্লির গুরুত্বপূর্ণ ৭টি পয়েন্টে সহায়তা কেন্দ্র। ভারত ট্যাক্সির বিশেষত্ব হলো, এখানে চালকদের অন্য অ্যাপে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, যা তাদের উপার্জনে আরও গতি আনবে।