ডিএ মামলায় সুপ্রিম কোর্টের মেগা রায়! ৩১ মার্চের ডেডলাইন, বকেয়া মেটাতে রাজ্যকে কড়া নির্দেশ

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল দেশের সর্বোচ্চ আদালতে। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ ডিএ মামলায় এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, ডিএ হয়তো মৌলিক অধিকার নয়, কিন্তু কর্মচারীদের এই পাওনা মেটাতে রাজ্য আর দেরি করতে পারবে না। আগামী ৩১ মার্চের মধ্যেই ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।
এই প্রক্রিয়া তদারকি করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ৬ মার্চের মধ্যে এই কমিটি গঠন বাধ্যতামূলক। আদালত জানিয়েছে, কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। ১৫ মে-র মধ্যে রাজ্যকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিয়ে জানাতে হবে বকেয়া মেটানোর অগ্রগতি। যদিও বছরে দু’বার ডিএ দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে আদালত, তবে রোপা (ROPA) ও এআইসিপিআই (AICPI) মেনেই এই পাওনা মেটাতে হবে।