নবান্নকে মানতেই হবে AICPI! বিচারপতি ইন্দু মালহোত্রার নজরদারিতে বকেয়া ডিএ-র ভাগ্য নির্ধারণ

ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় রাজ্য সরকারের যুক্তি কার্যত উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, রাজ্যের নিজস্ব নিয়ম নয়, বরং ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স’ (AICPI) মেনেই কর্মচারীদের ডিএ দিতে হবে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত সমস্ত বকেয়া মেটাতে হবে রাজ্যকে। প্রাথমিকভাবে বকেয়ার ২৫ শতাংশ এখনই রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের আর্থিক সংকটের দাবি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। কমিটিতে সিএজি (CAG) প্রধান ছাড়াও থাকবেন বিচারপতি তিলোসিং চৌহান ও গৌতম বাডুড়িয়া। কমিটি খতিয়ে দেখবে রাজ্যের কোষাগারের প্রকৃত অবস্থা এবং কতগুলি কিস্তিতে বাকি ৭৫ শতাংশ টাকা মেটানো সম্ভব। আগামী ১৫ মে-র মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।
বিজেপি নেতা সজল ঘোষ এই রায় প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “এই বিপুল টাকা দিতে গেলে সরকারকে এবার বাটি হাতে রাস্তায় নামতে হবে।” আদালতের নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে বকেয়ার একটি বড় অংশ কর্মচারীদের পকেটে ঢুকতে চলেছে। এমনকি ২০০৮ সালের পর যারা অবসর নিয়েছেন, তারাও এই বর্ধিত ডিএ-র সুবিধা পাবেন। তবে বছরে দু’বার ডিএ দেওয়া বাধ্যতামূলক কি না, তা ঠিক করার ভার কমিটির ওপরই ছেড়েছে আদালত।