UPSC-তে আমূল বদল! ২০২৬ সিভিল সার্ভিস পরীক্ষায় কি আর বসতে পারবেন না কর্মরত অফিসাররা?

২০২৬ সালের সিভিল সার্ভিস পরীক্ষার (CSE) বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। ৪ ফেব্রুয়ারি প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সার্ভিস অ্যালোকেশন এবং ডিজিটাল সুরক্ষা নিয়ে একাধিক বৈপ্লবিক পরিবর্তনের কথা জানানো হয়েছে। এই নতুন নিয়মের ফলে কর্মরত আমলাদের জন্য পুনরায় পরীক্ষায় বসা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হতে চলেছে।

কমিশন জানিয়েছে, কর্মরত IAS এবং IFS অফিসাররা আর এই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন না। IPS অফিসারদের ক্ষেত্রেও নিয়ম কঠোর করা হয়েছে; কেউ ইতিমধ্যেই এই সার্ভিসে থাকলে তিনি আর নতুন করে ২০২৬-এর পরীক্ষায় IPS ক্যাডারের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া, প্রিলিমিনারি পরীক্ষার পর কিন্তু মেইন পরীক্ষার আগে যদি কোনো প্রার্থী কোনো সার্ভিসে নিযুক্ত হন, তবে তাঁকে মেইন পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যারা বর্তমানে কর্মরত, তাঁদের জন্য ২০২৬ ও ২০২৭ সালই পদত্যাগ না করে পরীক্ষা দেওয়ার শেষ সুযোগ। ২০২৮ সাল থেকে পুনরায় পরীক্ষায় বসতে হলে বর্তমান পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক।

পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবার প্রযুক্তির ওপর জোর দিয়েছে UPSC। পরিচয় চুরি এবং জালিয়াতি রুখতে পরীক্ষা কেন্দ্রে AI-ভিত্তিক ‘ফেস রিকগনিশন’ এবং আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। প্রার্থীদের একটি নতুন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে যা সরাসরি আধারের সঙ্গে যুক্ত থাকবে। যোগ্যতা হিসেবে IAS-এর জন্য যেকোনো বিষয়ে স্নাতক এবং IFS-এর জন্য বিজ্ঞান বা কৃষিবিদ্যায় নির্দিষ্ট স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। যারা গ্রুপ-এ সার্ভিসে থেকেও পরীক্ষা দিতে চান, তাঁদের বিভাগীয় প্রশিক্ষণে ছাড়পত্র পাওয়া এখন থেকে বাধ্যতামূলক।