বকেয়া ডিএ-তে ঐতিহাসিক জয়! ৩১ মার্চের মধ্যে ২৫% মেটানোর চরম নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য সরকারি কর্মচারীদের এক দশকের দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটল দেশের সর্বোচ্চ আদালতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ১১ নম্বর এজলাসে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ বকেয়া ডিএ (DA) নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করল। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। এই নির্দেশ পালন করা হয়েছে কি না, তা নিয়ে ১৫ মে-র মধ্যে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা পালনের রিপোর্ট জমা দিতে হবে নবান্নকে।

মজার বিষয় হলো, বিগত কয়েক বছর ধরে রাজ্য বাজেটের দিনেই ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যখন বিধানসভায় ফের বাজেট পেশ হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সুপ্রিম কোর্ট এই মোক্ষম রায় দিল। আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, ডিএ পাওয়া মৌলিক অধিকার কি না তা নিয়ে বিচার চললেও, সেই অছিলায় সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। বাকি ৭৫ শতাংশ ডিএ কীভাবে মেটানো হবে, তা ঠিক করতে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক ৪০ শতাংশ। গত বছর মে মাসে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে বকেয়া মেটানোর কথা বললেও রাজ্য সরকার এক টাকাও দেয়নি। এবার সুপ্রিম কোর্ট সরাসরি সময়সীমা বেঁধে দেওয়ায় রাজ্য সরকার বড়সড় চাপে পড়ল। রাজ্য কি ৩১ মার্চের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ মেটাতে পারবে? নাকি ফের আইনি পথে সময় চাইবে? এখন সেদিকেই তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।