হাইভোল্টেজ ফাইনাল আজ! স্মৃতি বনাম শাফালি—ভদোদরার মহারণে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল?

অপেক্ষার অবসান! আজ টাটা মহিলা প্রিমিয়ার লীগ (WPL) ২০২৬-এর মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং দিল্লি ক্যাপিটালস (DC)। ভদোদরার কোটাম্বি বিসিএ স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে এই মহারণ। একদিকে স্মৃতি মান্ধানার আরসিবি দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে মরিয়া, অন্যদিকে টানা চারবার ফাইনালে উঠেও ট্রফিহীন থাকা দিল্লি ক্যাপিটালস আজ ইতিহাস গড়তে চায়।
স্মৃতি বনাম শাফালি: নজরকাড়া টক্কর আজকের ম্যাচে সবার নজর থাকবে দুই দলের তারকাদের দিকে। দিল্লির হয়ে ওপেনিংয়ে শাফালি ভার্মা এবং লরা ওলভার্ডের জুটি ঝোড়ো শুরু করতে পারেন। বিশেষ করে শাফালি এবং আরসিবি পেসার লরেন বেলের লড়াইটি হবে দেখার মতো। অন্যদিকে, আরসিবি-র ব্যাটিং স্তম্ভ অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং পাওয়ার হিটার গ্রেস হ্যারিসের ব্যাটে বড় রানের আশায় সমর্থকরা।
পরিসংখ্যান কী বলছে? হেড-টু-হেড রেকর্ডে কিন্তু দিল্লি ক্যাপিটালস অনেকটাই এগিয়ে। ডব্লিউপিএল ইতিহাসে এই দুই দলের ৯টি সাক্ষাতের মধ্যে ৬টি জিতেছে দিল্লি, আর ৩টি জিতেছে আরসিবি। এমনকি এই মরসুমের শেষ সাক্ষাতেও আরসিবি-কে ৭ উইকেটে হারিয়েছিল জেমিমা রড্রিগসের দল। কিন্তু ফাইনালের স্নায়ুর চাপ সামলানোর নিরিখে বিশেষজ্ঞরা আরসিবি-কেই সামান্য এগিয়ে রাখছেন।
সম্ভাব্য একাদশ ও জয়ী দলের আভাস গাণিতিক বিচারে আরসিবি-র জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ এবং দিল্লির ৪৮ শতাংশ। আরসিবি-র মিডল অর্ডারে রিচা ঘোষ এবং অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক দলের প্রধান শক্তি। অন্যদিকে দিল্লির মারিজান ক্যাপ এবং শ্রী চারানি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
ডিসি সম্ভাব্য একাদশ: শাফালি ভার্মা, লিজেল লি (উইকেটরক্ষক), লরা ওলভার্ড, জেমিমা রড্রিগেস (অধিনায়ক), মারিজান ক্যাপ, চিনেল হেনরি, স্নেহ রানা, মিন্নু মানি, শ্রী চারানি।
আরসিবি সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), গ্রেস হ্যারিস, জর্জিয়া ভল, রিচা ঘোষ (উইকেটরক্ষক), রাধা যাদব, নাদিন ডি ক্লার্ক, পূজা ভাস্ত্রকার, শ্রেয়াঙ্কা পাতিল, লরেন বেল।