বিজেপির নিশানায় থাকা আইএএস রশ্মি কামাল এবার বাংলার আদমশুমারির প্রধান! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

পশ্চিমবঙ্গ ক্যাডারের অভিজ্ঞ আইএএস অফিসার রশ্মি কামালকে রাজ্যের আদমশুমারি বা সেন্সাস অপারেশনস ডিরেক্টর হিসেবে নিয়োগ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দক্ষিণ কলকাতার রিটার্নিং অফিসার থাকাকালীন বিজেপির অভিযোগের ভিত্তিতে তাঁকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। এবার কেন্দ্রীয় ডেপুটেশনে তিন বছরের জন্য তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

২০০৬ ব্যাচের এই আইএএস আধিকারিক পেশায় একজন চিকিৎসক। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস এবং ইগনু থেকে স্নাতকোত্তর করা রশ্মি প্রশাসনিক কাজেও অত্যন্ত দক্ষ। ২০২৪-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী মালা রায়ের মনোনয়ন গ্রহণ করা নিয়ে বিজেপির ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এবার ২০২৭-এর আদমশুমারি পরিচালনার মূল দায়িত্ব থাকবে তাঁরই কাঁধে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলা এই বিশাল প্রক্রিয়ার প্রথম পর্যায়ে গৃহ তালিকাভুক্তি এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনার কাজ তাঁর তত্ত্বাবধানেই সম্পন্ন হবে।