কোরবায় রক্তস্নান! প্রেমিকার গলা কেটে প্রেমিকের আত্মহত্যা, রক্তাক্ত অবস্থায় ভিডিও কলে সাহায্য প্রার্থনা তরুণীর

ছত্তিশগড়ের কোরবা জেলায় এক ভয়ংকর প্রেমঘটিত বিবাদের করুণ পরিণতি সামনে এল। শুভম নাইডু নামে এক যুবক তার প্রেমিকা নিশা শ্রীবাসের গলা কেটে খুনের চেষ্টা করার পর নিজে আত্মঘাতী হয়েছে। নিশা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বিলাসপুর সিমস হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সবথেকে চাঞ্চল্যকর দিক হলো, রক্তাক্ত ও অর্ধমৃত অবস্থায় নিশা তাঁর বান্ধবীকে ভিডিও কল করে নিজের লাইভ লোকেশন পাঠান এবং সাহায্য চান।

পুলিশ সূত্রে খবর, ২৮ বছর বয়সী শুভম বিবাহিত এবং এক সন্তানের বাবা। ব্যাঙ্কে কর্মরত শুভম তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে নিশাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু নিশা ও তাঁর পরিবার এই সম্পর্কের বিরোধী ছিল। মঙ্গলবার নিশা ও শুভম যখন মড়ওয়ারানি মন্দিরের কাছে একটি ব্রিজের ওপর কথা বলছিলেন, তখন বিবাদ চরমে পৌঁছালে শুভম ছুরি দিয়ে নিশার গলায় উপর্যুপরি আঘাত করে। নিশা অজ্ঞান হয়ে পড়লে শুভম ভাবেন তাঁর মৃত্যু হয়েছে এবং এরপরই শুভম আত্মঘাতী হন। জ্ঞান ফেরার পর নিশা কোনোমতে ভিডিও কল করে নিজের অবস্থান জানান। নিশা তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।