বকেয়া ডিএ নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের! ৩১ মার্চের মধ্যে ২৫% মেটানোর নির্দেশ, উৎসব সরকারি মহলে

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) আন্দোলনে এল এক ঐতিহাসিক সাফল্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। এই রায়ের খবর ছড়িয়ে পড়তেই শহিদ মিনারে আন্দোলনরত সরকারি কর্মচারীরা খুশিতে ফেটে পড়েন এবং মিষ্টি বিলি শুরু করেন।

বাকি ৭৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য শীর্ষ আদালত একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটিই ঠিক করবে কতগুলি কিস্তিতে এবং কীভাবে বাকি টাকা মেটানো হবে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ ডিএ পেলেও রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ। এই বিপুল বৈষম্য এবং বকেয়া আদায়ের দাবিতে ১১০৬ দিনেরও বেশি সময় ধরে অবস্থান চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।

এই জয়কে ‘শ্রমিকদের অধিকারের জয়’ হিসেবে দেখছে আন্দোলনকারীরা। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “নিন্ম আদালতের পর সুপ্রিম কোর্টেও আমাদের জয় হল। মুখ্যমন্ত্রী আমাদের অনেক অপমান করেছেন, কিন্তু আজকের রায়ে রাজ্য সরকার বড়সড় ধাক্কা খেল। ভোটের মুখে এই রায় না মানলে আন্দোলন কোন পর্যায়ে যাবে তা কল্পনাও করতে পারবেন না মুখ্যমন্ত্রী।” মঞ্চের নেতাদের দাবি, যারা এই আন্দোলনে বাধা দিয়েছিল বা ব্যঙ্গ করেছিল, তাদের নৈতিক অধিকার নেই এই বর্ধিত ডিএ নেওয়ার। এখন দেখার, ৩১ মার্চের সময়সীমা রাজ্য সরকার কীভাবে পালন করে।