সঞ্জয়-নীনা ছাড়া ‘বধ’ অসম্ভব! সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন পরিচালক জসপাল সিং সান্ধু

বলিউডে যখন বড় তারকাদের নিয়ে ছবি করার ধুম, তখন সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্তার মতো শক্তিশালী অভিনেতাদের ওপর ভরসা রেখে বাজিমাত করেছিলেন পরিচালক জসপাল সিং সান্ধু। ‘বধ’ ছবির অভাবনীয় সাফল্যের পর এবার আসছে ‘বধ ২’। পরিচালক জানালেন, ওটিটি প্ল্যাটফর্মে দর্শক যে ভালোবাসা দিয়েছেন, সেটাই তাঁকে দ্বিতীয় পর্ব তৈরিতে বাধ্য করেছে।

সান্ধুর মতে, প্রতিটি গল্প তার নিজস্ব নায়ক নিজেই বেছে নেয়। সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্তার অভিনয় দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত, তাই তাঁদের বিকল্প তিনি ভাবতেই পারেননি। আইএফএফআই (IFFI) গোয়া-তে যখন দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিয়ে ছবিটিকে সম্মান জানিয়েছেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয় দর্শকরা এখন চ্যালেঞ্জিং এবং গভীর গল্পের জন্য পুরোপুরি তৈরি। সান্ধু আরও জানান, সেটে সঞ্জয় ও নীনার ইতিবাচক মানসিকতা কাজকে অনেক সহজ করে দিয়েছিল। ‘বধ ২’-এর ট্রেলার ইতিমধ্যেই রহস্যের জাল বুনেছে, যা দর্শকদের প্রত্যাশাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।