. হাসপাতাল গেটেই রক্তগঙ্গা! ডিউটিতে যাওয়ার পথে নার্সকে বুক লক্ষ্য করে গুলি, সাগর জেলায় হাহাকার

মধ্যপ্রদেশের সাগর জেলায় এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শাহগড় কমিউনিটি হেলথ সেন্টারের ঠিক মূল ফটকের সামনেই দীপশিখা চড়র নামে এক কর্তব্যরত নার্সকে গুলি করে হত্যা করল এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বুধবার রাত ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। দীপশিখা যখন নাইট ডিউটির জন্য হাসপাতালে প্রবেশ করছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সময় হাসপাতালের আশেপাশে অনেক মানুষ উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুনে স্থানীয়রা দুষ্কৃতীকে ধরার জন্য পিছু ধাওয়া করলেও রাতের অন্ধকার এবং পাশের জঙ্গলের সুযোগ নিয়ে সে চম্পট দেয়। সবথেকে অবাক করা বিষয় হলো, যে স্থানে এই হত্যাকাণ্ড ঘটেছে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে অর্থাৎ মাত্র ২০০ মিটারের মধ্যে শাহগড় থানা এবং ডায়াল-১১২-এর ভ্যান মজুত ছিল। পুলিশের নাকের ডগায় এমন দুঃসাহসিক খুনে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনিকে শনাক্ত করার চেষ্টা করছে। তবে ঠিক কী কারণে এই নার্সকে খুন করা হলো, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্বাস্থ্যকর্মীরা। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা না কি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।