“৩০ মিনিট ধরে যা হয়েছে…” সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ স্যান্ডি সাহার!

অলি পাব কাণ্ড নিয়ে এমনিতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। কিন্তু এবার সেই বিতর্ক আরও ভয়াবহ মোড় নিল। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা সরাসরি সায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ আনলেন। স্যান্ডির দাবি, কয়েক বছর আগে সায়কের বাড়িতে শুটিং করতে গিয়ে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। এই অভিযোগ সামনে আসতেই টলিপাড়া ও সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্যান্ডি সাহার বয়ান অনুযায়ী, ঘটনাটি প্রায় তিন-চার বছর আগের। তিনি বলেন, “এর আগেও সায়ক আমাকে ব্লক করেছিল। একবার শুটিংয়ের জন্য ওর বাড়িতে গিয়েছিলাম। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে ও আমার ওপর এমন কিছু করে যা আমি আশা করিনি। আমি সেই সময় কিছুটা নেশাগ্রস্ত ছিলাম, আর সেই সুযোগেই ও আমাকে যৌন হেনস্থা করে।” স্যান্ডি আরও জানান যে, সায়কের ‘চকোলেট বয়’ ইমেজের কারণে সেই সময় তিনি এই কথা কাউকে বলতে ভয় পেয়েছিলেন। কেউ তাঁর কথা বিশ্বাস করবে কি না, তা নিয়ে তাঁর মনে সংশয় ছিল।

সম্প্রতি প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায় নাম না করে একজন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে শিশুশিল্পীকে হেনস্থা করার অভিযোগ আনেন। সেই ঘটনার সূত্র ধরেই স্যান্ডি নিজের পুরনো অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সাহস পেয়েছেন বলে জানান। তবে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ নিয়ে পাল্টা বিতর্ক শুরু হয়েছে। টলিপাড়ার একাংশের মতে, শুধু ফেসবুকে পোস্ট না করে এই ধরনের গুরুতর ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। সায়কের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই অভিযোগের জল এখন কতদূর গড়ায়, সেটাই দেখার।