Al-Falah University: জালিয়াতি ও জঙ্গি যোগের অভিযোগ! গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকী

ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জালিয়াতি ও অনিয়মের তদন্ত এবার আরও জোরালো হলো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-র অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে দিল্লির একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে চার দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, সিদ্দিকীর বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। প্রথমটি ইউজিসি-র ধারা ১২ লঙ্ঘনের অভিযোগে এবং দ্বিতীয়টি বিশ্ববিদ্যালয়ের ‘মিথ্যা স্বীকৃতি’ বা ফেক অ্যাক্রেডিটেশন দাবি করার অভিযোগে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের ১৪০ কোটি টাকার জমি ও ভবন বাজেয়াপ্ত করেছে।
বিশ্ববিদ্যালয়টি গত বছর জাতীয় স্তরে শিরোনামে আসে যখন জানা যায় যে, ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণ মামলায় জড়িত চিকিৎসক উমর নবী এই বিশ্ববিদ্যালয়েই কর্মরত ছিলেন। শুধু তাই নয়, তার দুই সহযোগী ডঃ মুজাম্মিল শাকিল এবং ডঃ শাহীন শহীদও এই একই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। নায়েক (NAAC) থেকে কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রদর্শনের অভিযোগে গত নভেম্বরেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি অফলাইনে সরিয়ে দেওয়া হয়। আর্থিক তছরুপ এবং জঙ্গি মডিউলের সাথে এই প্রতিষ্ঠানের কোনো গভীর যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সিদ্দিকীকে জেরা করছে ক্রাইম ব্রাঞ্চ।