ইন্ডিগোর ওপর সিসিআই-এর খাঁড়া! হাজার হাজার ফ্লাইট বাতিল কি ইচ্ছাকৃত? বড় তদন্তের মুখে বিমান সংস্থা

দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর (IndiGo) বিপদ আরও বাড়তে চলেছে। ২০২৫ সালের ডিসেম্বরে গণহারে ফ্লাইট বাতিলের ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিল ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI)। কমিশনের প্রাথমিক অনুমান, বাজারে নিজেদের একাধিপত্যের সুযোগ নিয়ে ইন্ডিগো ইচ্ছাকৃতভাবে পরিষেবায় ঘাটতি তৈরি করেছিল, যার ফলে চরম দুর্ভোগের শিকার হন কয়েক লক্ষ যাত্রী।

সিসিআই-এর ১৬ পৃষ্ঠার রিপোর্টে জানানো হয়েছে, ভারতের আকাশপথের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ শেয়ার ইন্ডিগোর দখলে। অভিযোগ উঠেছে, গত ডিসেম্বরে প্রায় ৪,৫০০টি ফ্লাইট বাতিল করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সিসিআই সন্দেহ করছে, এই কৌশলের মাধ্যমে টিকিটের চাহিদা বাড়িয়ে সাধারণ যাত্রীদের চড়া দামে টিকিট কিনতে বাধ্য করা হয়েছে। একে প্রতিযোগিতা আইনের গুরুতর লঙ্ঘন এবং ‘পরিষেবার ওপর ইচ্ছাকৃত নিষেধাজ্ঞা’ হিসেবে দেখছে কমিশন।

উল্লেখ্য, ডিসেম্বরের সেই ঘটনায় প্রায় ৩ লক্ষ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সময় ইন্ডিগো পাইলটদের রোস্টার সমস্যা এবং ডিজিসিএ-র (DGCA) নতুন বিশ্রামের নিয়মের দোহাই দিয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় ডিজিসিএ ইন্ডিগোর ওপর ২২২ কোটি টাকা জরিমানা চাপিয়েছে এবং শীতকালীন সূচি ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। এবার সিসিআই-এর ডিরেক্টর জেনারেল (DG) তদন্ত করে দেখবেন, ইন্ডিগো তাদের ক্ষমতার অপব্যবহার করে যাত্রী ও বাজারের ক্ষতি করেছে কি না। দোষ প্রমাণিত হলে বড়সড় জরিমানা ও আইনি ব্যবস্থার মুখে পড়তে পারে সংস্থাটি।