ওয়াশিংটন পোস্টে বড় ছাঁটাই! চাকরি হারালেন শশী থারুরের সাংবাদিক পুত্র ঈশান, সোশ্যাল মিডিয়ায় ঝরল আক্ষেপ

বিখ্যাত মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এ বড়সড় রদবদল ও ছাঁটাইয়ের জেরে চাকরি হারালেন কংগ্রেস সাংসদ শশী থারুরের পুত্র ঈশান থারুর। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিশ্বখ্যাত এই সংবাদ প্রতিষ্ঠানটি তাদের স্পোর্টস ডেস্ক বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক কভারেজের পরিধিও কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এই গণছাঁটাইয়ের কবলে পড়েছেন ঈশানসহ বহু প্রথিতযশা সাংবাদিক ও ব্যুরো চিফ।
দীর্ঘ ১২ বছর ধরে ওয়াশিংটন পোস্টের আন্তর্জাতিক বিভাগে কর্মরত ছিলেন ঈশান থারুর। চাকরি হারানোর পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ নিজের দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, “আজ আমাকে ওয়াশিংটন পোস্ট থেকে বরখাস্ত করা হয়েছে। আমার সঙ্গে অধিকাংশ আন্তর্জাতিক স্টাফ এবং অনেক অসাধারণ সহকর্মীকেও সরিয়ে দেওয়া হয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে যাঁদের সঙ্গে কাজ করেছি, সেই সম্পাদক ও রিপোর্টারদের জন্য আমি ব্যথিত।” অন্য একটি পোস্টে একটি ফাঁকা নিউজ রুমের ছবি দিয়ে তিনি বিষয়টিকে ‘একটি খারাপ দিন’ বলে অভিহিত করেছেন।
জানা গেছে, সংবাদপত্রটির মালিক তথা আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক রিপোর্টিংয়ের প্রায় এক-তৃতীয়াংশ কর্মী কাজ হারিয়েছেন। জেরুজালেম, কায়রো, বার্লিন এবং ইউক্রেনের মতো গুরুত্বপূর্ণ এলাকার ব্যুরো চিফদেরও সরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট গিল্ড এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। অভিজ্ঞ মহলের আশঙ্কা, এই ছাঁটাইয়ের ফলে বিশ্বজুড়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘকালীন ক্ষতি হতে পারে।