Manipur Politics: অবসান রাষ্ট্রপতির শাসনের! মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী যুম্নাম খেমচাঁদ সিং, ডেপুটি পদে কুকি ও নগা মুখ

প্রায় এক বছরের দীর্ঘ প্রতীক্ষার পর মণিপুরে ফিরল গণতান্ত্রিক সরকার। বুধবার সন্ধ্যায় ইম্ফলের লোক ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা যুম্নাম খেমচাঁদ সিং। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। গত বছর ৯ ফেব্রুয়ারি এন বিরেণ সিংয়ের ইস্তফার পর ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে জারি হয়েছিল রাষ্ট্রপতির শাসন। সেই অচলাবস্থা কাটিয়ে খেমচাঁদ সিংয়ের হাত ধরে রাজ্যে নতুন অধ্যায় শুরু হলো।
রাজ্যে জাতিগত ভারসাম্য বজায় রাখতে বিজেপি এক বড় সিদ্ধান্ত নিয়েছে। খেমচাঁদ সিংয়ের পাশাপাশি দু’জন উপ-মুখ্যমন্ত্রীও শপথ নিয়েছেন। কুকি সম্প্রদায়ের নেমচা কিপগেন এবং নগা পিপলস ফ্রন্ট (NPF)-এর এল. দিখো উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেইতেই মুখ্যমন্ত্রী এবং কুকি ও নগা উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করে বিজেপি মণিপুরের বিবদমান গোষ্ঠীগুলির মধ্যে বিশ্বাস পুনরুদ্ধারের বার্তা দিতে চাইছে।
শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার ওপর যে ভরসা রেখেছেন, আমি তা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। আমার প্রথম লক্ষ্য হলো রাজ্যে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা।” গত কয়েক বছরে মণিপুরের জাতিগত হিংসায় প্রায় ২৬০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাস্তুচ্যুতদের পুনর্বাসন এবং পাহাড় ও উপত্যকার মানুষের মধ্যেকার তিক্ততা কমিয়ে আনা। ৬২ বছর বয়সী খেমচাঁদ সিং আরএসএস-এর দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী এবং তাঁর প্রশাসনিক দক্ষতার ওপর ভরসা রাখছে কেন্দ্র।