‘হানিমুন মার্ডার’! ইন্দোরের সোনমের পর শ্রীগঙ্গানগরের অঞ্জুর কাণ্ডে কাঁপছে দেশ, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন?

সম্পর্কের চরম অবক্ষয়! রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা ফের একবার ইন্দোরের সেই কুখ্যাত ‘রাজা রঘুবংশী’ হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনল। বিয়ের মাত্র তিন মাসের মাথায় এক নববধূ তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংসভাবে খুন করলেন এবং বিষয়টিকে একটি পথ দুর্ঘটনার (Hit and Run) রূপ দেওয়ার চেষ্টা করলেন। শ্রীগঙ্গানগর পুলিশ এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী অঞ্জু এবং তাঁর প্রেমিক সঞ্জুসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার সূত্রপাত গত ৩০ জানুয়ারি রাতে। রাওলা থানা এলাকায় আশিস এবং তাঁর স্ত্রী অঞ্জুকে সড়কের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশিসকে মৃত ঘোষণা করেন। স্ত্রী অঞ্জু দাবি করেন, একটি অজ্ঞাত গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে গয়না লুট করে পালিয়েছে। কিন্তু তদন্তে নামতেই পুলিশের নজরে আসে মারাত্মক কিছু অসঙ্গতি। পথ দুর্ঘটনায় স্বামী মারা গেলেও অঞ্জুর শরীরে একটি আঁচড় পর্যন্ত ছিল না। উপরন্তু, ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, আশিসকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

ফোনের কল রেকর্ড ফাঁস করল রহস্য: পুলিশ সুপার অমৃতা দুহান জানান, অঞ্জুর ফোনের কল রেকর্ড পরীক্ষা করতেই তাঁর প্রেমিক সঞ্জুর নাম সামনে আসে। তদন্তে জানা যায়, অঞ্জু তাঁর বিয়েতে খুশি ছিলেন না। নিজের পুরনো প্রেমিক সঞ্জু এবং তাঁর দুই বন্ধু রকি ও বাদলের সঙ্গে মিলে স্বামীকে সরানোর ব্লু-প্রিন্ট তৈরি করেছিলেন তিনি। ঘটনার রাতে আশিসকে ডিনারের পর কৌশলে নির্জন রাস্তায় নিয়ে যান অঞ্জু। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সঞ্জু ও তাঁর সঙ্গীরা আশিসকে আক্রমণ করে এবং শ্বাসরোধ করে খুন করে। অপরাধ আড়াল করতে অঞ্জু নিজের কানের দুল ও ফোন নিজেই ওই দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছিলেন যাতে বিষয়টিকে ‘লুট ও দুর্ঘটনা’ বলে চালানো যায়। কিন্তু পুলিশের তীক্ষ্ণ বুদ্ধির কাছে শেষরক্ষা হলো না ‘খুনি’ বধূর।