বিক্রি হচ্ছে আরসিবি! রঞ্জন পাই না কি আদর পুনাওয়ালা— কার দখলে যাবে বিরাটদের বেঙ্গালুরু?

বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) ঘিরে এবার মাঠের বাইরে শুরু হয়েছে মেগা লড়াই। আইপিএলের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ডিয়াজিও-র মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস তাদের এই স্পোর্টস ব্যবসাটি বিক্রির জন্য কৌশলগত পর্যালোচনা শুরু করেছে এবং দরপত্র জমা দেওয়ার সময়সীমা গত ২ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
এই লড়াইয়ে সবথেকে এগিয়ে রয়েছেন মণিপাল গ্রুপের চেয়ারম্যান ডঃ রঞ্জন পাই এবং সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। সূত্রের খবর, ডিয়াজিও আরসিবি বিক্রির জন্য ২ বিলিয়ন ডলার (প্রায় ১৬,৬০০ কোটি টাকা) দাবি করেছে। তবে ক্রেতারা এর মূল্য ১.৫ থেকে ১.৭ বিলিয়ন ডলারের মধ্যে রাখার চেষ্টা করছেন। ডঃ রঞ্জন পাই মার্কিন জায়ান্ট কেকেআর (KKR) ও টেমাসেকের সাথে জোট বেঁধেছেন, অন্যদিকে আদর পুনাওয়ালার পিছনে রয়েছে টিপিজি ক্যাপিটালের সমর্থন। এছাড়াও প্রেমজি ইনভেস্ট এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী সংস্থা EQT-ও এই দৌড়ে শামিল হয়েছে।
আইপিএলের ক্রমবর্ধমান ব্র্যান্ড ভ্যালুর কারণেই আরসিবি-র প্রতি বিনিয়োগকারীদের এই বিপুল আগ্রহ। ২০২৫ সালের সমীক্ষা অনুযায়ী, আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ১৮,৫০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে আরসিবি একাই ২৬৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার শীর্ষে। বিনিয়োগকারীদের কাছে আইপিএল এখন একটি লাভজনক ‘ক্যাশ মেশিন’, কারণ এখানে মিডিয়া স্বত্ব এবং স্পনসরশিপ থেকে আয় নিশ্চিত। আগামী সপ্তাহের মধ্যেই দরদাতাদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে এবং ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে মালিকানা হস্তান্তরের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।