SIR বিতর্ক: সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে মুখ্যমন্ত্রীর? সুকান্ত বললেন, ‘আদালতে রাজনৈতিক ভাষণ চলে না’

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা যাবতীয় অভিযোগকে ‘নাটক’ বলে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সম্মান বা নিজের মর্যাদা—কোনোটারই তোয়াক্কা করেন না; তিনি কেবল রাজনৈতিক ফায়দা লুটতে ইস্যু তৈরি করছেন।

সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামা ব্যর্থ হয়েছে। আদালত মাত্র দুই লাইনে যা বলার বলে দিয়েছে। মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে আদালত আইন এবং তথ্যের ভিত্তিতে চলে, রাজনৈতিক ভাষণের ভিত্তিতে নয়।” উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন এসআইআর-এর মাধ্যমে তৃণমূল বিধায়কদের এলাকায় বেশি ভোট কাটছে। এর পাল্টা জবাবে সুকান্ত জানান, শুধুমাত্র বাংলা নয়, উত্তরপ্রদেশসহ দেশের ১২টি রাজ্যে এই প্রক্রিয়া চলছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে বাংলার চেয়েও বেশি ভোট কাটা হয়েছে। বাংলায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গেছে।

বিএলও-দের (BLO) মৃত্যু নিয়ে মমতার অভিযোগকেও ভিত্তিহীন বলে দাবি করেছেন সুকান্ত। তিনি বলেন, “নির্বাচন কমিশনের এই কাজ ডিএম-দের তত্ত্বাবধানে হচ্ছে। যদি কোনো বিএলও-র মৃত্যু হতো, তবে সংশ্লিষ্ট ডিএম অবশ্যই রিপোর্ট পাঠাতেন। কিন্তু এমন কোনো রিপোর্ট কমিশনের কাছে নেই।” সব মিলিয়ে ২০২৬-এর নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বাংলার রাজনীতিতে পারদ এখন চরমে।