চম্বলে মাফিয়াদের সাম্রাজ্য চুরমার! ২ দিনে ৪ কোটির বালি ধ্বংস, প্রশাসনেকে ‘ফ্রি হ্যান্ড’ দিলেন কালেক্টর

চম্বলের বুকে বছরের পর বছর ধরে চলা বালি মাফিয়াদের সাম্রাজ্য এবার ধুলোয় মিশিয়ে দিতে বদ্ধপরিকর প্রশাসন। মধ্যপ্রদেশের মুরৈনা জেলায় বালি মাফিয়াদের বিরুদ্ধে এখন ‘আর-পার’-এর লড়াই শুরু হয়েছে। জেলা কালেক্টর লোকেশ কুমার জাঙ্গির স্পষ্ট নির্দেশ দিয়েছেন—কোনো আপস নয়। গত দু’দিনে চম্বল রাজঘাট এলাকায় যে বিশাল অভিযান চলেছে, তাতে প্রায় ৪ কোটি ১০ লক্ষ টাকার অবৈধ বালি নষ্ট করা হয়েছে।

২০টি জেসিবি ও বিশাল পুলিশ বাহিনী: বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০টি জেসিবি এবং ৫টি লোডার দিয়ে চম্বল রাজঘাট সংলগ্ন পিপরাই এবং ভানপুর এলাকায় ১৬,৫০০ ট্রলি অবৈধ বালি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। অভিযানে সুরক্ষার কথা মাথায় রেখে ১৫০ জন পুলিশ কর্মী এবং ৫০ জন বনরক্ষী মোতায়েন ছিলেন। প্রশাসনের এই রুদ্রমূর্তিতে হাইওয়ের ওপর বালি কেনাবেচার অবৈধ বাজারগুলিও ভয়ে বন্ধ হয়ে গিয়েছে।

১৫ দিনের একটানা অভিযান: কালেক্টরের নির্দেশে বন বিভাগ, পুলিশ, রাজস্ব, পরিবহন এবং খনি দপ্তরের একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই অভিযান শুধু দু-একদিনের জন্য নয়, টানা ১৫ দিন ধরে চলবে বলে জানানো হয়েছে। এমনকি বালি পাচারের রাস্তা বন্ধ করতে জেসিবি দিয়ে গভীর গর্ত খুঁড়ে দেওয়া হয়েছে যাতে ট্রাক্টর বা ট্রলি চলাচল করতে না পারে। ড্রোনের মাধ্যমেও এখন নজরদারি চালানো হচ্ছে চম্বল নদীতে।