৫০-এ পা দিয়েই ভোলবদল! শাহরুখের সঙ্গে টক্কর থেকে ঐতিহাসিক যুদ্ধ— বক্স অফিস কাঁপাতে তৈরি অভিষেক বচ্চন!

১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে জন্ম অভিষেকের। আজ তিনি জীবনের হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন। অমিতাভ-পুত্রের দীর্ঘ কেরিয়ারে অনেক চড়াই-উতরাই থাকলেও, ২০২৬ সালটি তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমালোচকদের মুখ বন্ধ করতে অভিষেকের হাতে রয়েছে পাঁচটি বড় বাজেটের ছবি, যা বলিউডের সমীকরণ বদলে দিতে পারে।

১. কিং (King): অভিষেক বচ্চনের কেরিয়ারের সবচেয়ে বড় বাজি হতে চলেছে এই ছবি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন স্বয়ং শাহরুখ খান। গুঞ্জন শোনা যাচ্ছে, ছবিতে শাহরুখের বিপরীতে দুর্ধর্ষ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেককে। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬-এ মুক্তি পেতে পারে এই ছবি।

২. রাজা শিবাজী (Raja Shivaji): মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্বগাথা নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করবেন অভিষেক। রিতেশ দেশমুখের পরিচালনায় এটি একটি ঐতিহাসিক ড্রামা। ১ মে ২০২৬-এ এই বিগ বাজেট ছবিটি বড় পর্দায় আসার কথা রয়েছে।

৩. দ্য বিগ বুল ২ (The Big Bull 2): ২০২১ সালের ফিনান্সিয়াল ক্রাইম ড্রামা ‘দ্য বিগ বুল’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন অভিষেক। হার্ষাদ মেহতার আদলে তৈরি চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। প্রযোজক আনন্দ পণ্ডিত ইতিমধ্যেই দ্বিতীয় ভাগের ঘোষণা করেছেন।

৪. ফৌজি (Fauji – Telugu): তেলুগু পরিচালক হনু রাঘবপুরীর সাথে এক বিশাল মাপের যুদ্ধের ছবিতে কাজ করতে পারেন অভিষেক। সবকিছু ঠিক থাকলে এটিই হবে জুনিয়র বচ্চনের প্রথম তেলুগু ছবি। যদিও ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।

৫. SSS7 (ওথথা সেরুপ্পু সাইজ ৭ রিমেক): তামিল থ্রিলার ‘ওথথা সেরুপ্পু সাইজ ৭’-এর হিন্দি রিমেকের সত্ত্ব কিনেছেন অভিষেক। এই ছবিটির বিশেষত্ব হলো এতে অভিষেক একাই একমাত্র অভিনেতা হিসেবে স্ক্রিনে থাকবেন। এটি তাঁর ড্রিম প্রজেক্ট হিসেবে পরিচিত।