সুপ্রিম কোর্টে মমতার ঐতিহাসিক লড়াই! বাংলায় ভোটার তালিকায় কি বড় বদল? সোমবারের শুনানিতে ফের দিল্লিতে মুখ্যমন্ত্রী!

ভারতীয় বিচারবিভাগের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় তৈরি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে নিজের মামলার সওয়াল নিজেই করলেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে সওয়াল করলেন।
সুপ্রিম কোর্টে মমতার ‘পাওয়ারফুল’ এন্ট্রি: এদিন শুনানির শুরুতে মুখ্যমন্ত্রী সওয়াল করার জন্য মাত্র ৫ মিনিট সময় চেয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁকে আশ্বস্ত করে বলেন, “৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই।” মুখ্যমন্ত্রীর যুক্তি শোনার পর আদালত নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছে। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, বানানের ছোটখাটো ভুলের জন্য যেন কোনোভাবেই সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। একইসঙ্গে ভোটারদের শুনানির নোটিস পাঠানোর ক্ষেত্রে কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার কি আরও বড় ধামাকা? সূত্রের খবর, এই মামলার লড়াই এখনই শেষ হচ্ছে না। আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। জানা যাচ্ছে, রবিবারে ফের দিল্লি পাড়ি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোমবারের শুনানিতে আবারও তিনি নিজেই সওয়াল করতে পারেন। রাজনৈতিক মহলের ধারণা, সোমবার আরও কোনো বিস্ফোরক তথ্য বা বড় কোনো দাবি পেশ করতে পারেন তৃণমূল নেত্রী।
বাংলার মানুষের জন্য বড় স্বস্তি: এদিনের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজনে বাংলায় এসআইআর-এর সময়সীমা বাড়ানো হতে পারে। মুখ্যমন্ত্রী নিজে বাংলার মানুষের হয়ে যে দাবিগুলি তুলেছেন, তাকে গুরুত্ব দিয়ে দেখছে আদালত। প্রধান বিচারপতি মন্তব্য করেন, “সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি নিজের কথা বলতে পারলেন।” এখন গোটা দেশের নজর সোমবারের শুনানির দিকে— মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি লড়াই বাংলার ভোটারদের জন্য নতুন কোনো ইতিহাস লেখে কি না, সেটাই দেখার।