জেলেই যেতে হচ্ছে রাজপাল যাদবকে! সুদে-আসলে ২.৫ কোটি মেটাতে ব্যর্থ অভিনেতা, চরম নির্দেশ আদালতের

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের হাসি এবার ফিকে হওয়ার পথে। কোটি কোটি টাকার চেক বাউন্স মামলায় ফেঁসে গিয়ে শেষমেশ আদালতের চরম নির্দেশের মুখে অভিনেতা। সোমবার দিল্লি হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় রাজপাল যাদবকে অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে। ৪ ফেব্রুয়ারি, অর্থাৎ বুধবারের মধ্যেই তাঁকে আইনি প্রক্রিয়ায় ধরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালে, যখন ‘মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থা অভিনেতার বিরুদ্ধে চেক বাউন্সের মামলা দায়ের করে। সেই সময় দিল্লির সেশন কোর্ট রাজপালকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল। তবে আইনি লড়াইয়ের মাঝে রাজপাল যাদব আশ্বাস দিয়েছিলেন যে তিনি ২.৫ কোটি টাকা দু’টি কিস্তিতে মিটিয়ে দেবেন। যার সময়সীমা ছিল ২০২৫ সালের ১৬ ডিসেম্বর এবং ২০২৬-এর ১৫ জানুয়ারি। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন অভিনেতা।

শুনানির সময় রাজপাল যাদবের টালবাহানায় ক্ষোভ প্রকাশ করে আদালত। বিচারপতি জানান, অভিনেতা ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সদিচ্ছা দেখাননি এবং বারবার ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। অভিনেতার সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে আদালত আর কোনও সময় দিতে অস্বীকার করে। এখন দেখার, বুধবার নির্ধারিত সময়ের মধ্যে রাজপাল যাদব আত্মসমর্পণ করেন নাকি এই আইনি লড়াই আরও নাটকীয় মোড় নেয়।