বস্তি এলাকায় বিশাল অভিযান! দেরাদুন পৌর নিগমের কড়া পদক্ষেপ, আপনিও কি তালিকায়?

উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে রাজস্ব বাড়াতে এবার কোমর বেঁধে নামছে পৌর কর্পোরেশন। দীর্ঘ বিরতির পর আবারও বস্তি এলাকাগুলি থেকে গৃহ কর (House Tax) আদায়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের লক্ষ্যমাত্রা পূরণে প্রায় ১৩১টি চিহ্নিত বস্তি এলাকায় বসবাসকারী ২ লক্ষ মানুষকে এই করের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্য়েই বড় বড় খেলাপিদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং তাঁদের দ্রুত নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

পৌর কমিশনার নমামি বনসাল স্পষ্ট জানিয়েছেন, গৃহ কর দেওয়ার মানেই জমির মালিকানা পাওয়া নয়। করের রসিদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে, এটি কেবল নাগরিক পরিষেবার বিনিময়ে নেওয়া হচ্ছে। কোনোভাবেই একে জমির মালিকানার অধিকার হিসেবে দাবি করা যাবে না। কর্পোরেশন জানিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও কড়া নজরে রাখা হচ্ছে। লক্ষ্যমাত্রা ৭৫ কোটি টাকার মধ্যে ৪৫ কোটি টাকা আদায় হলেও, বাকি ৩০ কোটি টাকা তুলতে ফেব্রুয়ারির প্রতিটি সপ্তাহে বিভিন্ন ওয়ার্ডে বিশেষ ক্যাম্প করা হবে।

ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ ক্যাম্পের দিনক্ষণ: আগামী ৫ ফেব্রুয়ারি নাথানপুর, ৬ ফেব্রুয়ারি রেসকোর্স, ৯ ফেব্রুয়ারি সালওয়ালা এবং ১০ ফেব্রুয়ারি সুভাষ নগরে ক্যাম্প বসবে। এছাড়াও ফেব্রুয়ারি মাসজুড়ে সহস্ত্রধারা রোড, তিলক রোড, চাকশা নগর এবং বিজয় কলোনির মতো এলাকাগুলোতেও কর আদায়ের জন্য বিশেষ শিবিরের ব্যবস্থা রাখা হয়েছে।